এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সোমবার এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সাফল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক-শিক্ষকদের অক্লান্ত সহযোগিতার ফলেই আজকের এই অর্জন। আমি আশা করি, এই সাফল্যকে নিয়ে তোমরা আগামী দিনের উচ্চ শিক্ষা অর্জনের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। জ্ঞান, সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে কর্মজীবনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদেরও হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। পরিশেষে সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।