জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী : মন্ত্রী

Iqbal Hasan Mahmud Tuku
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী : মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু--সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী।’


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, ‘দেশের ক্রাইসিস মোমেন্টে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের বলতে চাই, দেশের ক্রাইসিস বাড়িয়ে দিয়ে আপনারা কিছু হাসিল করতে পারবেন না।’


তিনি বলেন, ‘অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল। আমরা ক্ষমতায় এসে দেখলাম, কোথায় পয়সা বানানো যাবে, সেখানে উন্নয়ন হয়েছে।’


তিনি আরও বলেন, ‘এখন একটা এফএসআরইউ (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল) বন্ধ হয়েছে আর সারা দেশে গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে। গ্যাস সংকট নিয়ে আমরা শিল্পমালিকদের সঙ্গে বসবো। আমাদের দেশের শিল্পমালিকরা যেন বিপদে না পড়েন, সেদিকে খেয়াল রাখছি।’


মন্ত্রী বলেন, ‘আমাদের খুব সতর্কতার সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আগাতে হবে। কেননা এগুলো করার কারণে অনেক ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে।’


মন্ত্রী আরও বলেন, ‘সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ। এটাকে বিজনেস অরিয়েন্টেড করার জন্য আমরা কাজ করেছি। দুই মাসের মধ্যে আমরা পলিসি তৈরি করেছি। আমরা যা পলিসিতে বলেছি, ওটাই বাস্তবায়ন হবে। ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে সোলার ছড়িয়ে দেওয়া হবে।’