রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম॥ মা ও নবজাতকরা সুস্থ
রাজশাহী মহানগরীর মিশন হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার শারলি নামে এক প্রসূতি। নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। অস্ত্রোপচার ছাড়াই (নরমাল) প্রসবের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়। নির্ধারিত সময়ের কিছুটা আগে (৩০ সপ্তাহের মাথায়) জন্ম হলেও বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা নাজমুস সাকিব ও শারলি দম্পতির ঘর আলো করে এই চার সন্তানের আগমন ঘটে। মঙ্গলবার প্রসববেদনা উঠলে প্রসূতিকে দ্রুত রাজশাহী মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে একে একে চারটি সন্তানের জন্ম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুগুলোর জন্ম নির্ধারিত সময়ের কিছুটা আগে (৩০ সপ্তাহে) হওয়ায় তাদের চিকিৎসকদের নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। তবে মা ও চার নবজাতক পুরোপুরি শঙ্কামুক্ত ও ভালো আছেন।
সন্তানদের পিতা নাজমুস সাকিব আবেগপ্লুত হয়ে বলেন, "একসঙ্গে চার সন্তানের আগমনে আমি ও আমার স্ত্রীসহ পুরো পরিবার অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি। আমার সন্তানরা যেন সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।"
এদিকে একসঙ্গে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় জমান শুভাকাঙ্ক্ষীরা এবং একে অপরকে মিষ্টি মুখ করান। পরিবারের পক্ষ থেকে মা ও সন্তানদের পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।