ঈশ্বরদীতে মহানন্দা এক্সপ্রেসে শানটিংয়ের সময় ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

Engine jolts during shunting on Mahananda Express
আবুল কালাম আজাদ ১৫ আগস্ট ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১৫ আগস্ট ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
ঈশ্বরদীতে মহানন্দা এক্সপ্রেসে শানটিংয়ের সময় ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
রেলওয়ে পশ্চিমের পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

রেলওয়ে পশ্চিমের পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক ধাক্কায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


দুর্ঘটনার পর ক্ষুব্ধ যাত্রীরা শানটিং ইঞ্জিনের লোকোমাস্টারকে ধাওয়া করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে অবশ্য তিনি আবার ফিরে আসেন।


স্টেশন ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেসটি ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি শানটিং ইঞ্জিন পেছন দিক থেকে এসে ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মহানন্দা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী আহত হন। ধাক্কার পরপরই ট্রেনের ভেতরে চিৎকার-চেঁচামেচি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. আসলাম হোসেন বলেন, ‘খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি শানটিং ইঞ্জিন পেছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।’


ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়েছে।


তিনি বলেন, ‘দুর্ঘটনার পর যাত্রীরা শানটিং ইঞ্জিনের চালককে ধাওয়া করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে আবার ফিরে আসেন।’ রাত ১২টার দিকে মহানন্দা এক্সপ্রেসটি রাজশাহীর উদ্দেশে ঈশ্বরদী জংশন ছেড়ে যায় বলেও জানান তিনি।


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঈশ্বরদী জংশন স্টেশনে ছুটে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে রেল কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে পুলিশের সদস্যদের সঙ্গেও কথা বলেন।


অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘রেলযাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। কীভাবে শানটিং ইঞ্জিনটি মহানন্দা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা দিল, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। দায়িত্ব পালনে কারও অবহেলা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’


দুর্ঘটনার প্রকৃত কারণ এবং শানটিং ইঞ্জিনটি কীভাবে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের এত কাছে গিয়ে ধাক্কা দিল, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।