চিকিৎসা সবার অধিকার, বৈষম্যের কোনো সুযোগ নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, চিকিৎসাসেবা কোনো শ্রেণি, পেশা কিংবা পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হওয়ার বিষয় নয়। সমাজের প্রতিটি মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সমান। তাই হাসপাতালে কোনো ধরনের বৈষম্য না রেখে সবার জন্য সমান, মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সকল অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন ৫০০০ চিকিৎসক নিয়োগ চলছে। শুধু শহর নয়, গ্রামপর্যায়েও চিকিৎসক সংকট সমাধান সহ হাসপাতালের সেবার মান নিয়ে সবরকমের সিন্ডিকেট নির্মূলে কাজ করছে তারেক রহমান সরকার।
পঞ্চগড় হাসপাতাল আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপি'র উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম প্রমুখ।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুসহ সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।