এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের 'আলী' সিনেমা

'Ali' movie
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৩:০১ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের 'আলী' সিনেমা
--সংগৃহীত ছবি

এবার ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএসএফএফ) বাজিমাত করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্র। 


সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’।”


একই সঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ পুরো ‘আলী’ টিম এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


সেই পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।  


সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন আল-আমিন।


এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। এবার এশিয়ার এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।