রাজশাহী শিক্ষাবোর্ডে রেকর্ড ৯৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন, ইংরেজি-গণিতে বেশি

98,000 applications for re-audit of accounts
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ২০ আগস্ট ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ২০ আগস্ট ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন
রাজশাহী শিক্ষাবোর্ডে রেকর্ড ৯৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন, ইংরেজি-গণিতে বেশি
রাজশাহী শিক্ষাবোর্ডে রেকর্ড ৯৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন, ইংরেজি-গণিতে বেশি

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের যেন প্রতিচ্ছবি মিলেছে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে। এবার ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিত বিষয়ে।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। তিনি বলেন, কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন।

ফল বিশ্লেষণে দেখা যায়, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসির ফল সবচেয়ে খারাপ হয়েছে। ২০২০ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। ছয় বছরের ব্যবধানে এবার তা নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ পাসের হার কমেছে ২৬ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট।

পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরীন জানান, গত ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়। আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত। অন্যান্য বিষয়েও আবেদন এসেছে।’

তবে বিষয় কোড অনুযায়ী আবেদন নেওয়া হওয়ায় এই মুহূর্তে কোন বিষয়ে ঠিক কতটি আবেদন পড়েছে, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

রাজশাহী বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই ফল বিপর্যয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। এর মধ্যেই বিপুলসংখ্যক খাতা পুনর্নিরীক্ষণের আবেদন সেই অসন্তোষকে আরও স্পষ্ট করে তুলেছে।