জিকুর নৈপুণ্যে চকরিয়া সেমিতে
ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পরবর্তী নানা শঙ্কা নিয়ে ২২ আগস্ট শুক্রবার প্রথমবারের মতো মাঠে গড়ালো কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বেলা ৩টার পর থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আবারও সেই চিরচেনা পরিবেশ। হাজারো দর্শক, গ্যালারিজুড়ে উত্তেজনা ও ফুটবলের দামামা।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আ: মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ফুটবলের এই ঐতিহ্য সমৃদ্ধ রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক জসিম উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আবছার উদ্দিন ও ছাত্রনেতা ফাহিমুর রহমান প্রমূখ।
উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শাহজাহান আনসারী, সদস্য সচিব রুহুল আমিন রকি, হারুন অর রশিদ, এম.আর মাহবুব, খেলোয়াড় সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, রতন দাশ, ওমর ফারুক, সরওয়ার রোমন, আলীরেজা তসলিম ও আবছার উদ্দিন।
টুর্নামেন্টের শুরুতেই মুখোমুখি হয় দুই শক্তিশালী স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা বনাম চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি। চকরিয়ার হয়ে মাঠে নামেন জাতীয় তারকা আনিসুর রহমান জিকু, সুশান্ত, ইব্রাহিম সহ অনেকে। তবে খেলায় তাঁদের তেমন একটা দাপট দেখা যায়নি।
অপরদিকে ৩ জন বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে নেমে একের পর এক চমক দেখায় কক্সবাজার সদর উপজেলা। সমন্বিত আক্রমণ থেকে তারা ৪-৫টি সুযোগ তৈরি করে। কিন্তু কোন আক্রমণই সফল হয়নি। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৫-৫ জনের শটে ফলাফল দাঁড়ায় ৪-৪ গোলে। একটি করে শট রুখে দেয় দুই দলের গোলরক্ষক। কিন্তু সাডেন ডেথে কক্সবাজার সদর উপজেলার এক খেলোয়াড় শট মিস করলে বদলে যায় ফলাফলের চিত্র। জাতীয় দলের গোলরক্ষক জিকুর বাজিমাতে ৭-৬ গোলের কাঙ্খিত জয় তুলে নেয় চকরিয়া। যার ফলে ভালো খেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা।
শনিবার ২২ আগস্ট একই ভেন্যুতে মুখোমুখি হবে শক্তিশালী টেকনাফ উপজেলা বনাম পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতি।