সবজির দাম কিছুটা কমেছে , চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি

Vegetable prices have decreased slightly
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন
সবজির দাম কিছুটা কমেছে , চড়া দামেই বিক্রি হচ্ছে  মাছ ও মুরগি
--সংগৃহীত ছবি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।


তবে সপ্তাহ ব্যবধানে সোনালি কক মুরগি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে।  সরবরাহ বাড়লেও চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ।


শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।


রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মের সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।


সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে বেগুন প্রতি কেজি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, টমেটো ১০০ থেকে ১৪০ টাকা, করলা কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পটল, ঢ্যাঁড়শ, কাকরোল ও ঝিঙা মানভেদে কেজিপ্রতি ২০ টাকা কমে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা এবং  পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, গাজর ১২০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


বাজারগুলোতে এক হালি লেবু ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিক্যাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।


বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি কেজি ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 


বাজারে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

 

বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।


এসব বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ মাছ ১১০০ টাকা থেকে ১২০০ এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশের কেজি ১৮৯০ থেকে ২০০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ প্রতিকেজি ২৭০০ থেকে ২৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 


বাজারগুলোতে এক কেজি শিং মাছ আকারভেদে (চাষের) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকায়, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৫০০ থেকে ৮০০ টাকায়, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  


এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।


তালতলা বাজারের সবজি বিক্রেতা শাজাহান বলেন, দুই সপ্তাহ আগে যে সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেটির দাম ৫০ থেকে ৬০ টাকায় নেমে এসেছে। সবজির সরবরাহ ভালো হলে দাম আরও কমে আসবে।


সবজির দাম মোটামুটি ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে বলে উল্লেখ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কবির হোসেন। তিনি বলেন, গত দুই সপ্তাহে আগে যে সবজি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে কিনেছি, সেটা আজ প্রায় অর্ধেক দামে কিনলাম। সরকারের বাজার মনিটরিং জোরদার হলে এর সুফল ভোগ করবে ক্রেতারা।