‘অসম্ভবকে সম্ভব করা’ মেসিকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর কেবল ক্রীড়াঙ্গনেই আলোড়ন তোলেনি। প্রত্যাশিত হলেও পুরো বিশ্বকে চমক দিয়েছেন তিনি অবসরের ঘোষণায়। আর্জেন্টিনার সর্বোচ্চ পর্যায়েও আলোচিত ছিল তার এই বিদায়।
মেসি অবসর নেওয়ার পর তাকে উদ্দেশ্য করে দেশ-বিদেশের কিংবদন্তিরা বিদায় জানাচ্ছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। একটি ছোট্ট বার্তা দিয়েছেন তিনি, যার গভীরতা অনেক বেশি।
আর্জেন্টিনা ফুটবলের বড় বড় সাফল্যের নায়ককে নিয়ে মিলেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। ভক্তদের অভিবাদনরত মেসির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, অসম্ভবকে সম্ভব করা মানুষ।’
মেসি এক আবেগী বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট এই বিদায় বার্তা লেখেন। আর্জেন্টিনা অধিনায়ক স্বীকার করেছেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে অনেক চিন্তাভাবনার পর তার অনুধাবন হয়েছে, নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে এখনই তার চলে যাওয়ার উপযুক্ত সময়।
মেসি বলেছেন, ‘আমার যা কিছু ছিল, তার সবটুকু আমি উজাড় করে দিয়েছি এবং দেওয়ার মতো আর কিছুই আমার কাছে নেই। আর্জেন্টিনায় একদল অসাধারণ তরুণ খেলোয়াড় রয়েছে, যারা তাদের সুযোগ পাওয়ার যোগ্য।’