রাজশাহীতে যন্ত্র সঙ্গীত প্রশিক্ষণ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে যন্ত্র সঙ্গীত প্রশিক্ষণ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ড. মো. ফারুকুর রহমান ফয়সাল। উদ্বোধক ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যাসাসের সদস্য সচিব সেলিম রেজা এবং গ্রিন গার্ডেন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোছাঃ ইসমত আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোসলেম আলী।
আয়োজকরা জানান, বাদ্যযন্ত্র ও সঙ্গীত শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে সঙ্গীতচর্চায় উৎসাহিত করাই একাডেমির অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে সেই কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।