শরৎকালে হঠাৎ কুয়াশার আগমন, পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

The sudden arrival of fog in autumn
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০১ অপরাহ্ন
শরৎকালে হঠাৎ কুয়াশার আগমন, পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করে দেখা দিয়েছে ঘন কুয়াশা। ছবি - বিজয় বাংলা

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করে দেখা দিয়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল জেলার বিভিন্ন এলাকা।

এতে গ্রামের পথঘাট থেকে শহরের সড়ক সবকিছুই আবছা হয়ে পড়ে। কমে যায় যানবাহনের গতি। চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা এর আগে তারা খুব একটা দেখেননি। ভোরে চারপাশ কুয়াশায় ঢেকে যাওয়ায় অনেকের মধ্যেই আগেভাগে শীত নামার ধারণা তৈরি হয়। তবে ওই সময় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বাসিন্দা আইনুল হক বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনো দেখিনি।

পঞ্চগড় পৌর সদরের অটো চালক রহমান বলেন, সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬ টায় সেখানে সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় আকাশে মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরির অন্যতম কারণ।