এক ‘রাজা ইলিশ’ ১৬ হাজারে বিক্রি

A 'King Hilsa' sold for 16,000
অনলাইন ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন
এক ‘রাজা ইলিশ’ ১৬ হাজারে বিক্রি
--সংগৃহীত ছবি

বরগুনার পাথরঘাটায় জেলের জালে ধরা পড়া একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হয়েছে ১৫ হাজার ৯৩০ টাকায়। মাছটির ওজন ২ কেজি ৭০০ গ্রাম। ২ লাখ ৩৬ হাজার টাকা মন হিসেবে ওই ইলিশটি স্থানীয় এক পাইকারের কাছে বিক্রি করা হয়। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দা  আলতাফ হোসেন মাঝি নামে এক জেলে পাথরঘাটার মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাটে ওই ইলিশ মাছটি নিয়ে এসে বিক্রি করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা-সংলগ্ন বলেশ্বর নদীতে আলতাফ হোসেন নামে এক জেলে মাছ শিকার করছিলেন। এ সময় তার জালে ২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়ে। সকালে তিনি মাছিটি বিক্রির উদ্দেশে মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে এলে স্থানীয় পাইকারদের মধ্যে নিলাম হয়। এ সময় ২ লাখ ৩৬ হাজার টাকা মন হিসেবে নিউ আল আমিন ফিস নামে এক মৎস্য আড়তের পাইকার পলাশ ১৫ হাজার ৯৩০ টাকায় ওই ইলিশ মাছটি কিনে নেন। 

পাথারঘাটা মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাটের ইমরান হোসেন রিফাত নামে এক পাইকার বলেন, সকালে মাছটি ঘাটে নিয়ে আসলে নিলামের মাধ্যমে নিউ আল আমিন ফিসের পাইকার পলাশ মাছটি ক্রয় করেন। নিলামের সময় ওই বড় ইলিশটির জন্য পাইকারদের ভালোই চাহিদা ছিল। পাইকার পলাশ ভালো লাভের জন্য ওই ইলিশ মাছটিকে খুলনায় বিক্রির জন্য পাঠাবেন।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ খুব বেশি দেখা যায় না। নদী বা সমুদ্রে এমন বড় আকারের ইলিশ ধরা পড়লে জেলেরা অনিন্দিত হয়। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও প্রায় সময় বড় ইলিশ পাওয়া যায়। তবে বর্তমানে জেলেরা আশানুরূপ মাছ শিকার করতে পারছেন না।