জেলা পরিষদের সব ভবনে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের সব জেলা পরিষদের দাপ্তরিক ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো ও আওতাধীন হাট-বাজারে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করেছে সরকার। টেকসই জ্বালানি ব্যবহার নিশ্চিত ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গৃহীত এই নির্দেশনা ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে সম্প্রতি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত জরুরি চিঠি পাঠানো হয়। নির্দেশনায় প্রতিটি সৌরবিদ্যুৎ স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ সুবিধা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদগুলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা নিজস্ব রাজস্ব তহবিল ব্যবহার করতে পারবে। নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্ত অর্থ জেলা পরিষদগুলোর রাজস্বে যুক্ত হবে।
আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলো নিজস্ব অর্থায়নে এ ব্যবস্থা চালুর পাশাপাশি বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেবে। অন্যদিকে অসচ্ছল পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী সংস্থার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গাইডলাইন অনুসরণ করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। পাশাপাশি সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের শর্ত দেওয়া হয়েছে।
সূত্র: বাসস