ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সব দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান

Donald Trump
অনলাইন ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সব দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান
--সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সব দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আইসিসিকে যুক্তরাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে বলেন, এ আদালত একটি দুর্বৃত্ত আদালত এবং এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গাজার সাধারণ মানুষকে অভুক্ত ও পানি থেকে বঞ্চিত রাখার দায়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এরপর থেকেই এটির বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। এরআগে শিশুদের জোরপূর্বক ইউক্রেন থেকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালতটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে নিজেদের বক্তব্যে আইসিসি নিয়ে ট্রাম্প বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ন্ত্রণের বাইরে ও অপরাধী একটি সংস্থা। যেটির প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সম্মান নেই। আমরা কখনো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ও কাউকে এই আদালতের দ্বারা তদন্ত ও বিচার করতে দেব না। যুক্তরাষ্ট্রবিরোধী এ আদালতের যুক্তরাষ্ট্রে কোনো বিচারিক অধিকার নেই।”

অন্যান্য দেশকে এই আদালতের সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আপনারা এখনই এই দুর্বৃত্ত আদালত থেকে বেরিয়ে যান।

ট্রাম্প তার বক্তব্যে ইরান ও অন্যান্য যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন, যেখানে অন্যান্য বিশ্ব নেতারা শান্তির কথা বলে, সেখানে তিনি শান্তি স্থাপন করেছেন।

ট্রাম্প বলেন, “তিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি। যেখানে অন্যরা হুমকিকে উপেক্ষা করেছে, আমি তাদের মোকাবেলা করেছি। যেখানে অন্যান্য দেশ সাহসের কথা বলেছে, আমেরিকা সেটি দেখিয়েছে। যেখানে অন্যরা শক্তির প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছি।”

ট্রাম্প তার বক্তব্যে ইরানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের চেয়ে বড় হুমকি আর এ মুহূর্তে কেউ হতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল। কিন্তু তিনি আর তাদের বেড়ে উঠতে দেবেন না। ট্রাম্প আরও বলেন, ইরানকে কখনো পারমাণবিক শক্তির অধিকারীও হতে দেবেন না তিনি।

সূত্র: আলজাজিরা