ফার্নেস অয়েলের দাম বাড়লো, রাত থেকেই কার্যকর
ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের মূল্য লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই দাম ঘোষণা করে বিইআরসি।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা। এর আগে গত ৩০ জুলাই নির্ধারিত মূল্য ছিল ১০০ টাকা ৩৯ পয়সা লিটার।
অর্থাৎ আগের দামের তুলনায় ফার্নেস অয়েলের দাম ৮ টাকা ৩৯ পয়সা বেড়েছে।
বিইআরসি জানায়, ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড় এবং অপরিশোধিত তেলের এফওবি মূল্য ও মার্কিন ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত মূল্য আজ দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন এ মূল্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা ও অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।