বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বোদায় র্যালি ও আলোচনা সভা
“শিক্ষকের পাশে থাকুন’ পেশা সুরক্ষায়,-মর্যাদা বৃদ্বিতে, এবং ভবিষৎ রুপায়নে ৬০ বছর”—এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণস্বাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালিটি বোদা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বোদা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বোদা, আব্দুল্লাহ বিন জিয়ার সভাপতিত্বে ও তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইকবাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক নেতা সাইফুল ইসলাম সোহাগ, মাজেদুল ইসলাম আকাশ, মহিলা দল নেত্রী মজিদা বেগম ও এনজিও প্রতিনিধি আঞ্জুমান আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।