ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল ১০ জনের, হাসপাতালে ভর্তি ১৯৯৬ জন

Dengue infected
অনলাইন ডেস্ক ০৬ অক্টোবর ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৬ অক্টোবর ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন
ডেঙ্গু  আক্রান্ত হয়ে প্রাণ গেল ১০ জনের, হাসপাতালে ভর্তি ১৯৯৬ জন
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।প্রতিকী ছবি

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুইজন, ঢাকা দক্ষিণ সিটির একজন, বরিশাল বিভাগের দুইজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৮৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৪ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। এসময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ ও নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।