শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই
এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লে। তবে তিনি নাভি পিল্লে নামেই বেশি পরিচিত।
শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানিয়েছে, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অসাধারণ সাহস ও সততার সঙ্গে আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আইনি কাঠামো প্রতিষ্ঠার পথে নেতৃত্ব দিয়েছেন নাভি পিল্লে।
সর্বজনীন আইনি নীতির প্রতি তার অঙ্গীকার এবং নৈতিক দৃঢ়তা দীর্ঘ কর্মজীবনজুড়ে অটুট রয়েছে।
১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া পিল্লে বর্ণবৈষম্য ও বর্ণবাদী শাসনের সময়ে আইন পেশায় যুক্ত হন। কাঠামোগত বৈষম্য, বিভাজন ও বঞ্চনার বিরুদ্ধে কাজ করার পাশাপাশি তিনি নেলসন ম্যান্ডেলাসহ বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের পক্ষে আইনি লড়াই করেছেন।
এর আগে গত বছর ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কার পান।
তাকে এই পুরস্কার দেওয়া হয় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।