প্রথম স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক কলহ : পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

Family feud centered around first wife
রাজশাহী প্রতিনিধি:- ১০ অক্টোবর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ১০ অক্টোবর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
প্রথম স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক কলহ : পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

​রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়া-আসা ও পারিবারিক কলহের জের ধরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক বাসের হেলপারের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের বিরুদ্ধে।


​শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

গুরুতর আহত আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আশরাফুল ইসলামের মূল বাড়ি পুঠিয়ার তারাপুর গ্রামে। তিনি পেশায় বাসের সহকারী (হেলপার)। তারাপুর গ্রামে তাঁর প্রথম স্ত্রী বাস করেন। কিছুদিন আগে তিনি রেখা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন এবং মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে তাঁকে নিয়ে থাকতেন।

​তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকলেও আশরাফুল মাঝেমধ্যেই তারাপুরে প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই স্ত্রীর মধ্যে তীব্র মনোমালিন্য ও কোন্দল চলছিল। ওই বিরোধের জের ধরেই শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে রেখার বিরুদ্ধে অভিযোগ ওঠে।


​ঘটনার সততা নিশ্চিত করে রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ভোররাতে খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রক্তাত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে সরাসরি রামেক হাসপাতালে পাঠানো হয়।

​ওসি আরও জানান, "আহত আশরাফুল বর্তমানে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর দেখভাল করছেন প্রথম স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এই বিষয়ে বেলপুকুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"