চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ত্রুটি নিরসন ও প্রসিকিউশনের সমন্বিত করণীয় শীর্ষক সেমিনার

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।। ১৮ অক্টোবর ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।। ১৮ অক্টোবর ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ত্রুটি নিরসন ও প্রসিকিউশনের সমন্বিত করণীয় শীর্ষক সেমিনার
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।।

মাদক মামলার তদন্তে ত্রুটি নিরসন, আসামিদের দ্রুত জামিন ও খালাসের কারণ চিহ্নিতকরণ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও প্রসিকিউশনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘মাদক মামলায় দ্রুত জামিন ও খালাস এর কারণ চিহ্নিতকরণ এবং প্রতিকার: তদন্ত ও মামলার ত্রুটি নিরসন এবং ডিএনসি ও প্রসিকিউশনের সমন্বিত করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে বক্তারা এসব বিষয়ে গুরুত্ব দেন। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)  জহির জামান জনি। তিনি মাদক মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় আইনি ত্রুটি চিহ্নিতকরণ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং মামলার নথিপত্র যথাযথভাবে প্রস্তুতের ওপর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মামলার দুর্বলতা দূর করে অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি মাদকবিরোধী অভিযানের পাশাপাশি দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রসিকিউশনের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও বলেন, মাদক মামলায় যথাযথ তদন্ত, আইনি বিধান অনুসরণ, প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণ এবং আদালতে সঠিকভাবে উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তে আইনি ও প্রযুক্তিগত ত্রুটি থাকলে মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই মামলার দুর্বলতা চিহ্নিত করে তা নিরসন এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সেমিনারে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা  কার্যালয়ের পরিদর্শক,উপপরিদর্শক সহ অন্যান্য সদস্যবৃন্দ। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মাদক মামলার কার্যকর তদন্ত, ত্রুটি নিরসন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।