ফুটপাত দখলমুক্তের পর মানবিক পদক্ষেপঃ হকার পুনর্বাসনে রাজশাহীতে রাসিক প্রশাসকের মার্কেট পরিদর্শন

RASC Administrator visits market in Rajshahi to rehabilitate hawkers
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২৫ অক্টোবর ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২৫ অক্টোবর ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন
ফুটপাত দখলমুক্তের পর মানবিক পদক্ষেপঃ হকার পুনর্বাসনে রাজশাহীতে রাসিক প্রশাসকের মার্কেট পরিদর্শন
রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান এবং হকার উচ্ছেদ অভিযান চালায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

​রাজশাহী মহানগরীর যানজট নিরসন এবং পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে সম্প্রতি রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান এবং হকার উচ্ছেদ অভিযান চালায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। 

তবে উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও মানবিক দিক বিবেচনা করে তাঁদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন প্রশাসন।


​সেই ধারাবাহিকতায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন ও উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে আজ রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় নগরীর ঐতিহ্যবাহী সাহেব বাজার এলাকার বিভিন্ন মার্কেট সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


​পরিদর্শনকালে রাসিক প্রশাসক সাহেব বাজার সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং ভবনের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় থাকা বিভিন্ন দোকান ঘুরে দেখেন।


​ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার ওপর জোর দিয়ে মাহফুজুর রহমান রিটন বলেন,​"নগরীকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকার বিষয়টিও আমাদের বিবেচনা করতে হবে। মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত জায়গাগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে হকারদের জন্য একটি স্থায়ী ও সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।"


​পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে উচ্ছেদকৃতদের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিকনির্দেশনা দেন।


​এছাড়া, নগরবাসীকে পরিচ্ছন্ন ও আধুনিক সেবা প্রদানের লক্ষে সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংলগ্ন মার্কেটগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং এগুলোকে নতুন করে আধুনিক রূপে নির্মাণের পরিকল্পনার কথাও জানান রাসিক প্রশাসক।


​রাসিকের এই মানবিক ও দূরদর্শী পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত করার পর দ্রুত পুনর্বাসনের এই উদ্যোগ নগরীর সৌন্দর্য রক্ষার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।