ফতুল্লায় মাদ্রাসায় লাইব্রেরিতে অগ্নিকাণ্ড: হাসপাতালে অসুস্থ ৬৩ শিক্ষার্থী , আইসিইউতে ৪

Fire breaks out in library at madrasa in Fatullah
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
ফতুল্লায় মাদ্রাসায় লাইব্রেরিতে অগ্নিকাণ্ড: হাসপাতালে অসুস্থ ৬৩ শিক্ষার্থী , আইসিইউতে ৪
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, আবার কেউ চিকিৎসা নিচ্ছেন।


হাসপাতালে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।


মাদ্রাসার শিক্ষকদের কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।


মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছেন।