আইপিএলের সূচিতে আসতে পারে বড় পরিবর্তন

নিজেস্ব প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন খেলা
নিজেস্ব প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
আইপিএলের সূচিতে আসতে পারে বড় পরিবর্তন
সংগৃহীত ছবি

গ্রীষ্মের প্রচণ্ড গরম এড়াতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়সূচি বদলে জানুয়ারিতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন টুর্নামেন্টটির সাবেক চেয়ারম্যান ললিত মোদি। তার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহমালিক জুহি চাওলা।


সাধারণত মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত চলে আইপিএল। তবে এপ্রিল-মে মাসের তীব্র গরমে খেলোয়াড় ও দর্শকদের ভোগান্তির কথা তুলে ধরে সূচি পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন মোদি। তার প্রস্তাব, জানুয়ারিতে টুর্নামেন্ট শুরু করা যেতে পারে। বিকল্প হিসেবে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সাজানো দীর্ঘ সূচির কথাও বলেছেন তিনি।


মোদির বক্তব্যের সঙ্গে একমত জুহি চাওলা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আইপিএল এখন আর ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজছে না, বরং সূচিকে প্রভাবিত করার অধিকার অর্জন করেছে। তাহলে কেন বছরের সবচেয়ে গরম সময়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে? সূচি পুনর্বিবেচনা করা হলে এপ্রিল-মের বদলে জানুয়ারি কেন নয়? এতে ভালো পরিবেশে খেলা হবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও ভালো হবে।’


তবে আইপিএলের সূচি জানুয়ারিতে সরানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, টুর্নামেন্টের শুরু মার্চের শেষ দিক থেকে কিছুটা এগিয়ে আনার বিষয়ে বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিলে আলোচনা চলছে। মে মাসের শেষ দিকে বৃষ্টি ও প্রাক্‌-বর্ষার আশঙ্কা এবং গরম—দুই বিষয়ই বিবেচনায় নেওয়া হচ্ছে।