ইউরোপের এই দেশে প্রকাশ্যে এত চুমু খাওয়ার চল কেন
প্রকাশ্যে চুমু খাওয়ার দৃশ্য খুবই সাধারণ। পরিচিত কারও সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে ব্যস্ত রাস্তায় বা পার্কে প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্ত—সবই সেখানে স্বাভাবিক ঘটনা। ইউরোপের দেশ স্পেনে প্রকাশ্যে এমন ভালোবাসা প্রকাশের এই অভ্যাসের পেছনে রয়েছে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক পরিবর্তনের গল্প।
স্পেনে ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এমন এক লেখক জানিয়েছেন, প্রথম দিকে প্রকাশ্যে চুমু খাওয়ার দৃশ্য তার কাছে কিছুটা আলাদা মনে হলেও পরে তিনি অভ্যস্ত হয়ে যান।
স্পেনে প্রকাশ্যে চুমু খাওয়ার প্রবণতার একটি কারণ হতে পারে দেশটির মানুষের জীবনযাপন। দেশটির অনেক মানুষের দৈনন্দিন জীবন কাটে বাইরে—ব্যস্ত রাস্তা, ক্যাফে, পার্ক কিংবা খোলা চত্বরে।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নতুন পরিচিত কারও সঙ্গে মেলামেশার সময় ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার প্রবণতা স্পেনে তুলনামূলক কম। এমনকি গ্রিস, ইতালি ও পর্তুগালের চেয়েও সেখানে মানুষ কম দূরত্ব বজায় রাখে।
মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমপারো লাসেন বলেন, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্পেনের মানুষ শারীরিকভাবে ঘনিষ্ঠতা প্রকাশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে নর্ডিক দেশগুলো ও ইংল্যান্ডের সঙ্গে তুলনা করলে এ পার্থক্য স্পষ্ট হয়।
তার মতে, স্পেনের মানুষ অন্য দেশের মানুষের চেয়ে বেশি ভালোবাসাপ্রবণ—বিষয়টি এমন নয়। বরং তারা প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেখানে প্রকাশ্যে চুমু খাওয়া সব সময় বড় কোনো রোমান্টিক আয়োজন নয়; এটি দৈনন্দিন জীবনেরই একটি স্বাভাবিক অংশ।
বাসস্থানের সংকটও একটি কারণ
স্পেনে প্রকাশ্যে ঘনিষ্ঠতা প্রকাশের পেছনে বাসস্থানের ধরনও ভূমিকা রাখতে পারে। দেশটির প্রায় ৬৫ শতাংশ মানুষ ফ্ল্যাটে বসবাস করেন, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি বাড়ির দাম বেড়ে যাওয়ায় তরুণদের জন্য পরিবারের বাড়ি ছেড়ে আলাদা থাকা কঠিন হয়ে পড়েছে।
অধ্যাপক লাসেনের মতে, ঘরে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ কম থাকায় মানুষ বন্ধুদের সঙ্গে দেখা করতে বার, রেস্তোরাঁ কিংবা বাইরের বিভিন্ন স্থানে যান। একই কারণে প্রেমিক-প্রেমিকাদেরও একান্ত সময় কাটানোর জন্য নিরিবিলি কোনো বেঞ্চ খুঁজতে হতে পারে।
তবে তিনি মনে করেন, বাসস্থানের সংকটই প্রকাশ্যে ভালোবাসা দেখানোর মূল কারণ নয়। বরং সমাজের মানুষের এ বিষয়ে সহজ ও স্বাভাবিক মনোভাবই বেশি গুরুত্বপূর্ণ। কেউ নেতিবাচকভাবে তাকায় না, কিংবা অন্যের দৃষ্টিকে মানুষ গুরুত্ব দেয় না—এমন পরিবেশে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখানো সহজ হয়।
২৮ বছর বয়সী ইসাবেল নিয়েতো তুস তিন বছর আগে বিদেশ থেকে ফিরে আবার বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। তার মতে, ব্যক্তিগত গোপনীয়তার অভাবে সম্পর্কে জড়ানো বা দেখা-সাক্ষাৎ করা কিছুটা কঠিন হতে পারে। জাপান, ফ্রান্স, জার্মানি ও তিউনিসিয়ায় বসবাসের অভিজ্ঞতা থাকা তুস বলেন, স্পেনে পরিচয়ের শুরু থেকেই মানুষের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কারও সঙ্গে দুবার দেখা হওয়ার পরও হাত ধরে হাঁটা বা প্রকাশ্যে ঘনিষ্ঠ আচরণ করা অস্বাভাবিক নয়।
তার ভাষায়, স্পেনে ঘরের ভেতর ও বাইরের আচরণের মধ্যে তেমন পার্থক্য নেই। মানুষ ব্যক্তিগত পরিসরে যেভাবে ঘনিষ্ঠতা প্রকাশ করে, বাইরেও অনেকটা সেভাবেই করে।
স্বৈরশাসনের সময় প্রকাশ্যে চুমু খাওয়াও ছিল অপরাধ
তবে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের স্বাধীনতা সব সময় এমন ছিল না। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের সময় (১৯৩৯-১৯৭৫) রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধ ও কঠোর আইন মানুষের ব্যক্তিগত ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করত। সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হতো। প্রকাশ্যে ঘনিষ্ঠতা প্রকাশের ওপরও ছিল বিধিনিষেধ। এমনকি রাস্তায় চুমু খাওয়ার কারণে যুগলদের জরিমানাও করা হতে পারত।
১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে বড় ধরনের সাংস্কৃতিক পরিবর্তন শুরু হয়। মাদ্রিদে ‘লা মোভিদা মাদ্রিলেনা’ নামে পরিচিত সাংস্কৃতিক আন্দোলনে স্বাধীনতা ও ব্যক্তিস্বাতন্ত্র্য প্রকাশের বিষয়টি গুরুত্ব পায়। চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারসহ অনেক শিল্পী আগের রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ করেন। এর ফলে সমাজে ভালোবাসা ও যৌনতার প্রকাশও ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে।
তবে এ পরিবর্তনের পেছনে এলজিবিটি অধিকারকর্মীদের দীর্ঘদিনের আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৮৬ সালে মাদ্রিদের পুয়ের্তা দেল সল চত্বরে চুমু খাওয়ার কারণে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। জনসমক্ষে কেলেঙ্কারি বা অশালীন আচরণসংক্রান্ত ‘এসকান্দালো পাবলিকো’ আইনে তাদের দুই দিন পুলিশ হেফাজতে রাখা হয়।
এর প্রতিবাদে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি মাদ্রিদে বড় ধরনের ‘কিস-ইন’ কর্মসূচি আয়োজন করে স্থানীয় অধিকারকর্মীরা। এতে প্রকাশ্যে চুমু খাওয়ার মাধ্যমে গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানানো হয়। ওই বছর থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত মাদ্রিদের প্রতিটি প্রাইড মার্চের সমাপ্তি হতো পুয়ের্তা দেল সল চত্বরে চুমু খাওয়ার কর্মসূচির মধ্য দিয়ে। এভাবে রাস্তায় চুমু খাওয়া শান্তিপূর্ণ প্রতিবাদের একটি প্রতীকে পরিণত হয়। ১৯৮৮ সালে জনসমক্ষে কেলেঙ্কারি বা অশালীন আচরণসংক্রান্ত অপরাধের বিধানটি বাতিল করা হয়।
প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের স্বাধীনতা সবার সমান নয়
বর্তমানে স্পেনের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের দৃশ্য দেখা গেলেও সবাই সমান স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অধ্যাপক লাসেনের মতে, পার্কের বেঞ্চে বয়স্ক কোনো যুগল চুমু খেলে তা মানুষের বেশি নজর কাড়তে পারে। একইভাবে সমলিঙ্গের যুগলদেরও বেশি নজরদারি বা সমালোচনার মুখে পড়তে হয়।
ভ্যালেন্সিয়ার সাবেক বিয়ের আলোকচিত্রী পলা ফুরিওর মতে, স্পেনে চুমু খাওয়া কেবল ভালোবাসা প্রকাশের বিষয় নয়; এটি ব্যক্তিস্বাধীনতারও প্রতীক। তার ভাষায়, স্পেনের সমাজ সামগ্রিকভাবে অনেক বেশি উদার হলেও এখনো কিছু কাজ বাকি রয়েছে। প্রকাশ্যে চুমু খাওয়ার দৃশ্য দেশটিতে মানুষ কতটা স্বাধীনভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, তার একটি উদাহরণ।
লেখকের মতে, জাপান থেকে ফিরে বেঞ্চে বসে থাকা যুগলকে চুমু খেতে দেখে তার বন্ধুর স্বস্তি পাওয়ার কারণ শুধু নিজের দেশে ফিরে আসা নয়। বরং এমন একটি সমাজে ফিরে আসা, যেখানে সামাজিক শিষ্টাচারের চেয়ে নিজের অনুভূতি প্রকাশকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
স্পেনে প্রকাশ্যে চুমু খাওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সম্ভবত এটাই—একসময় যা ছিল প্রতিবাদের ভাষা, এখন তা দৈনন্দিন জীবনের খুবই সাধারণ দৃশ্য।
সূত্র: বিবিসি