রাজশাহীর পদ্মা নদীতে পর্যটন জাহাজ সোনার তরীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ , চলাচলে স্থগিত ঘোষণা প্রশাসনের

Anti-social activities alleged on tourist ship Sonar Taree on Padma River
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ১১ নভেম্বর ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ১১ নভেম্বর ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন
রাজশাহীর পদ্মা নদীতে পর্যটন জাহাজ সোনার তরীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ , চলাচলে স্থগিত ঘোষণা প্রশাসনের
পদ্মা নদীর উত্তাল ঢেউ আর মুক্ত বাতাসের ছোঁয়ায় বিনোদনের জন্য তৈরি পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’ ঘিরে উঠছিল নানা চাঞ্চল্যকর ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ।

পদ্মা নদীর উত্তাল ঢেউ আর মুক্ত বাতাসের ছোঁয়ায় বিনোদনের জন্য তৈরি পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’ ঘিরে উঠছিল নানা চাঞ্চল্যকর ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। পর্যটনের আড়ালে অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের পর অবশেষে জাহাজটিতে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। 

অভিযানে অসামাজিক কর্মকাণ্ডের তথ্যের পাশাপাশি উন্মোচিত হয়েছে চরম প্রশাসনিক অনিয়ম। পরিদর্শনে চালকের ড্রাইভিং লাইসেন্স অনুপস্থিত থাকা এবং জাহাজের সব নথিপত্রের মেয়াদ উত্তীর্ণ পাওয়ার পর জাহাজটির সকল প্রকার চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।

​বুধবার (১১ নভেম্বর) নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে রাজশাহী সীমান্ত এলাকায় নোঙর করে রাখা জাহাজটিতে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

​প্যাকেজের আড়ালে অনৈতিক বাণিজ্য:-

স্থানীয় ও অনুসন্ধানী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ‘সোনার তরী’ জাহাজে সাধারণ পর্যটনের সাইনবোর্ড ঝুলিয়ে মূলত অনৈতিক ব্যবসা চালানো হচ্ছিল। বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে জাহাজ পরিচালনাকারীরা বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অফার করত। এর মধ্যে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পাবলিক প্যাকেজ’ ৮০০ টাকা ও ‘ফ্যামিলি প্যাকেজ’ ১৮০০ টাকা এবং সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদিনের ‘পাবলিক প্যাকেজ’ ১৮০০ টাকা ও ‘ফ্যামিলি প্যাকেজ’ ৩০০০ টাকা হারে ভাড়া নেওয়া হতো। অভিযোগ রয়েছে, এসব ফ্যামিলি ও কেবিন প্যাকেজের আড়ালে চুক্তিভিত্তিক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের অবৈধ মেলামেলার নিরাপদ আশ্রয় বানিয়ে দেওয়া হয়েছিল জাহাজটিকে।

​জালিয়াতি ও কাগজপত্রের মেয়াদহীনতা:-

অভিযোগের সত্যতা যাচাইয়ে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ সরেজমিনে জাহাজে উঠে তল্লাশি চালায়। এ সময় জাহাজ পরিচালনায় নিয়োজিত দায়িত্বশীলদের কাছে রুট পারমিট ও ফিটনেস সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ নথি দেখাতে পারেননি। 

প্রাথমিক তদন্তে দেখা যায়, জাহাজটির চালকের (ড্রাইভার) কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় সকল নথিপত্রের মেয়াদ অনেক আগেই শেষ (ডেট ফেল) হয়ে গেছে।

​ঘটনার পর নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ স্পষ্ট জানিয়ে দেয়, বিআইডব্লিউটিএ-র অনুমোদিত ও হালনাগাদ বৈধ নথিপত্র ছাড়া কোনোভাবেই জাহাজ চালানো যাবে না। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড কঠোরহস্তে দমনে বৈধ কাগজপত্র (যেমন: নিকাহনামা বা সঠিক প্রামাণ্য পরিচয়পত্র) ছাড়া কোনো যুগলকে স্বামী-স্ত্রী পরিচয়ে জাহাজের শয়নকক্ষ (কেবিন) বরাদ্দ না দিতে নির্দেশ ও চূড়ান্ত সতর্কতা প্রদান করা হয়।

​প্রশাসনের কঠোর অবস্থান:-

অভিযানের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, “পর্যটনের মতো সুস্থ বিনোদনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। জাহাজটির কোনো বৈধ নথিপত্র না থাকায় আপাতত এর চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও সার্বিক তদন্ত সম্পন্ন হওয়ার পর পরবর্তী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বিআইডব্লিউটিএ-র সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ সাংবাদিকদের জানান, “চালক লাইসেন্সহীন এবং জাহাজের সকল প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আপাতত সোনার তরী জাহাজের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট মূল কর্তৃপক্ষ থেকে অনুমোদন সংক্রান্ত সকল হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বিআইডব্লিউটিএ-তে জমা দিয়ে অনুমতি নেওয়ার পরই কেবল এটি পুনরায় চালু করা সম্ভব হবে।

​এদিকে, এসব চাঞ্চল্যকর অভিযোগ ও প্রশাসনিক স্থগিতাদেশের বিষয়ে জানতে ‘সোনার তরী’ জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজী হননি।