শর্ট সার্কিটের কারণে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Salahuddin Ahmed
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
শর্ট সার্কিটের কারণে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

শর্ট সার্কিটের কারণে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থদিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত রাতে অর্থাৎ আজকের ১২ তারিখের শুরুতে ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭.৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকত না, সেখানে কেবল দুটো ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।’

ঘটনার পরপরই প্রশাসনের পদক্ষেপে নেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির টিম পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তদন্তের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবার সঙ্গে আলোচনা করে এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেওয়ালে পেট্রোলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোলবোমা ব্যবহারের কোনো তথ্য দেয়নি। ঘটনাস্থলের ছবি, দেওয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরাতন হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্ট সার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।