৩০-এর আগেই জীবনে যে ১০ অভ্যাস গড়ে তোলা জরুরি

10 habits you need to develop before you turn 30
অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০২:২৭ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০২:২৭ অপরাহ্ন
৩০-এর আগেই জীবনে যে ১০ অভ্যাস গড়ে তোলা জরুরি
--সংগৃহীত ছবি

জীবনের প্রতিটি বয়সেরই আলাদা গুরুত্ব রয়েছে। তবে ৩০ বছর বয়সের আগের সময়টা নিজেকে তৈরি করার জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এ সময় ক্যারিয়ার, অর্থনৈতিক নিরাপত্তা, ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা সিদ্ধান্ত নিতে হয়। কিছু ভালো অভ্যাস এই সময়ের মধ্যেই গড়ে তুলতে পারলে পরবর্তী জীবনের পথচলা অনেক সহজ হয়।

নিজের ভুলের দায় নিন

জীবনে ভুল হতেই পারে। তবে ভুলের দায় অন্যের ওপর না চাপিয়ে তা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন।

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে চেষ্টা করাই আত্মউন্নতির প্রথম ধাপ।

নিজের দক্ষতা বাড়ান

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তব জীবনে কাজে লাগে এমন দক্ষতাও অর্জন করুন।

নতুন ভাষা শেখা, প্রযুক্তির ব্যবহার কিংবা পেশাগত প্রশিক্ষণ, নিজেকে সমৃদ্ধ করার প্রতিটি উদ্যোগ ভবিষ্যতে কাজে আসবে।

সঞ্চয়ের অভ্যাস গড়ুন

আয় শুরু হওয়ার পর থেকেই অর্থের সঠিক ব্যবহার শিখুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। নিয়মিত অল্প অল্প করে টাকা জমালেও ভবিষ্যতে তা বড় সহায়তা হতে পারে।

সম্পর্ককে গুরুত্ব দিন

ব্যস্ততার কারণে পরিবার ও বন্ধুদের অবহেলা করবেন না। যেসব মানুষ আপনার ভালো-মন্দে পাশে থাকেন, তাঁদের সঙ্গে যোগাযোগ ও আন্তরিকতা বজায় রাখুন। সুন্দর সম্পর্ক জীবনের বড় সম্পদ।

নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন

পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। পরিবর্তনকে ভয় না পেয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করুন। অনেক সময় অপ্রত্যাশিত সুযোগই জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

নিজের পছন্দ ও লক্ষ্য খুঁজে বের করুন

অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছাকে চাপা দেবেন না। কোন কাজ আপনাকে আনন্দ দেয় এবং ভবিষ্যতে কী হতে চান, তা বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী পরিকল্পনা সাজান।

ছোট আনন্দগুলো উপভোগ করুন

জীবনের সুখ সব সময় বড় কোনো অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিনের ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো উপভোগ করুন। নিজের জীবনে যা আছে, তার মূল্য দিতে শিখুন।

অতীতের ক্ষোভ পুষে রাখবেন না

মানুষের সঙ্গে মতবিরোধ কিংবা ভুল বোঝাবুঝি হতেই পারে। এসব কারণে দীর্ঘদিন রাগ জমিয়ে রাখলে নিজের মানসিক শান্তিই নষ্ট হয়। পরিস্থিতি বুঝে ক্ষমা করতে শিখুন এবং সামনে এগিয়ে যান।

প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হোন

পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। নিজের চারপাশ পরিষ্কার রাখা, গাছ লাগানো এবং অপচয় কমানোর মতো ছোট কাজ দিয়েই সচেতনতা শুরু হতে পারে।

নিজের স্বকীয়তা বজায় রাখুন

অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে হতাশ হবেন না। নিজের চিন্তা, বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করুন। লোক দেখানোর জন্য নয়, নিজের মতো করে জীবন গড়ে তোলার চেষ্টা করুন।

৩০ বছর পার হলেই জীবনের সব সুযোগ শেষ হয়ে যায় না। বরং জীবনের যেকোনো বয়সেই নতুন করে শুরু করা সম্ভব। তবে কম বয়সে দায়িত্বশীলতা, আত্মবিশ্বাস, আর্থিক সচেতনতা ও ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়।