ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

Football
অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিল জাপান
--সংগৃহীত ছবি

ম্যাচের শুরুতে দুই গোলের ধাক্কা খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ম্যাচ জেতার ইঙ্গিতও দিয়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের এক আঘাতে সব স্বপ্ন ভেঙে দেয় জাপান। ৯০ মিনিটে তাতসুহিরো সাকামোতোর জয়সূচক গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্লু সামুরাইরা। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি জিতে বিশ্বকাপের হারের মধুর প্রতিশোধ নিল দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ১৫ মিনিটে রিতসু দোয়ানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাকেফুসা কুবো। এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। ফলে ম্যাচের শুরুতেই দুই গোলের লিড পেয়ে যায় জাপান।

দ্রুত দুই গোল হজমের পর আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ৩৩ মিনিটে ব্যবধান কমান ভিনিসিউস জুনিয়র। ব্রুনো গিমারায়েসের বাড়ানো পাস ধরে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।

বিরতির পর সমতায় মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। অবশেষে ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ব্রুনো গিমারায়েসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান ভিনিসিউস।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ড্রয়ের শঙ্কা থাকলেও ৯০ মিনিটে বদলি হিসেবে নামা তাতসুহিরো সাকামোতো গোল করে জাপানের জয় নিশ্চিত করেন। এই জয়ের মধ্য দিয়ে গত জুনে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-1 গোলে হারের প্রতিশোধ নিল জাপান। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল তারা।