রাজশাহীর খরবোনায় রাজনৈতিক প্রতিহিংসা ও হামলা: যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

5 people including Jubo League leader arrested
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৫ নভেম্বর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৫ নভেম্বর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
রাজশাহীর খরবোনায় রাজনৈতিক প্রতিহিংসা ও হামলা: যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

​রোববার (১৫ নভেম্বর) ভোরে বোয়ালিয়া থানাধীন কমিশনার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—জিয়ারুল (৩৮), পিতা-মালেক; মো. আল আমিন (৩৮), পিতা-ইয়ামিন; শিমুল (২৮), পিতা-মিঠুন; জিসান (২১), পিতা-জিয়ারুল এবং মো. মিঠুন (৫৩), পিতা-মৃত মালেক মোল্লা। তাদের সবার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায়।


​মামলার এজাহার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খরবোনা নদীর ধার শ্মশান প্রাচীর সংলগ্ন এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশের জেরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহযোগী সংগঠন যুবলীগের পলাতক নেতা জিয়ারুল, আলামিন ও শিমুলসহ ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায়।

​এ সময় হামলাকারীরা মোসাঃ মিলি নামের এক নারীর খাবারের দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে। পাশাপাশি মো. সম্রাট (৩২) ও মো. শাহিনুর (৩২) নামের দুই ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাদের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

​হামলার একপর্যায়ে যুবলীগ নেতা জিয়ারুল ও আলামিন ধারালো রামদা দিয়ে মো. সম্রাটের বুকের সামান্য নিচে এবং মো. শাহিনুরের বাম হাতে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ও এসআরবি-৫-এর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ মিলি বাদী হয়ে ১৪ নভেম্বর বোয়ালিয়া থানায় ১৪৩/১৪৬/৪৩৬/৪২৭ পেনাল কোড ধারায় একটি মামলা (নম্বর-২২) দায়ের করেন।

​উক্ত মামলার প্রেক্ষিতে সদর কোম্পানি, এসআরবি-৫, রাজশাহীর একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর রাত ৩টার দিকে বোয়ালিয়া থানাধীন কমিশনার গলিতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত উল্লিখিত ৫ জন আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​এসআরবি-৫ সূত্রে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।