পাল্টাপাল্টি অগ্নিসংযোগে অস্থিরতা: গোপালগঞ্জের উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে, আতঙ্কে জনপদ

Instability due to repeated arson attacks
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- ২০ নভেম্বর ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- ২০ নভেম্বর ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন
পাল্টাপাল্টি অগ্নিসংযোগে অস্থিরতা: গোপালগঞ্জের উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে, আতঙ্কে জনপদ
--সংগৃহীত ছবি

​গোপালগঞ্জে শুরু হওয়া রাজনৈতিক সহিংসতার জের ধরে সারা দেশে বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতাদের বাড়িঘর, কার্যালয় এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। 

গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি নাশকতায় ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাসভবনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমনকি হামলার হাত থেকে রেহাই পায়নি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পৈতৃক বাড়ি, থানা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ও। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই আকস্মিক অবনতিতে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

​সহিংসতার সূত্রপাত ও পাল্টাপাল্টি আঘাতের চিত্র:-

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  তথ্যানুযায়ী ,  চলমান অস্থিরতার কেন্দ্রবিন্দু গোপালগঞ্জ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের পুনর্গঠন প্রক্রিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে চাপা উত্তেজনা বিরাজ করছিল, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের সহিংসতার মধ্য দিয়ে তা প্রকাশ্যে রূপ নেয়।

​স্থানীয়দের দাবি, গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িঘরে অগ্নিসংযোগ শুরু হয়। গত কয়েক দিনে বিএনপির অন্তত ১১ জন নেতাকর্মীর বাড়ি ও প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের অন্তত ১০ জন সাবেক মন্ত্রী-এমপি ও নেতার বাড়ি ও কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে।

​গোপালগঞ্জে তান্ডবে বাদ যায়নি থানা ও হাসপাতালও।

সহিংসতার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে।

​১৭ নভেম্বর (মঙ্গলবার)রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে বিএনপি সমর্থিত আরও কয়েকজনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

​১৮ নভেম্বর (বুধবার)গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের থানাপাড়া এলাকার বাসভবন, ব্যক্তিগত কার্যালয় এবং তাঁর মালিকানাধীন 'আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-এ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। একই রাতে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও আগুন দেওয়া হয়।

​১৯ নভেম্বর (বৃহস্পতিবার)গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি তাঁর ভাইদের দোকান ও সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়।

 একই দিন মুকসুদপুর থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লা এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

গোপালগঞ্জের ঘটনার প্রতিক্রিয়ায় ১৮ ও ১৯ নভেম্বর দেশের অন্তত আটটি জেলায় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক জনপ্রতিনিধিদের বাড়ি ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

​বরিশাল ও পিরোজপুরে, ১৮ নভেম্বর গভীর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে এবং বরিশাল নগরীর বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাড়াটিয়াদের বের করে দিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

​চাঁদপুর ও কুমিল্লায়, ১৮ নভেম্বর রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় সাবেক মন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসা এবং সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দেওয়া হয়। 

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

​রাজশাহী, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে, ১৯ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চক সিংগা গ্রামে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে মোটরসাইকেলে আসা ৫-৬ জনের একটি দল পেট্রল ঢেলে আগুন দেয়। সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়ি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির ফটকে আগুন জ্বালানো হয়।

​ফেনী, পটুয়াখালী ও বরগুনায়,ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাড়ি এবং বরগুনায় দলটির সাবেক নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

​সাবেক প্রধান উপদেষ্টার বাড়ি ও সরকারি স্থাপনায় নাশকতার বাদ পড়েনি।রাজনৈতিক নেতাদের পাশাপাশি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্থাপনাও হামলার শিকার হচ্ছে। ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। পুলিশ জানায়, জনশূন্য ওই বাড়ির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলতে দেখে দায়িত্বরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

​এছাড়া ১৮ নভেম্বর রাতে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জানালা ভেঙে পেট্রল ঢেলে এবং ১৯ নভেম্বর ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

দেশের চলমান এই অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান বলেন, "রাজনৈতিক মতপার্থক্য বা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাড়িঘর, হাসপাতাল কিংবা রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রতিহিংসার রাজনীতির এক বিপজ্জনক পুনরাবৃত্তি। এ ধরনের মব ভায়োলেন্স বা গুপ্ত হামলা দ্রুত দমন করতে না পারলে দেশের গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে।

​অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মনে করেন, "আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হলে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। দল-মত নির্বিশেষে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এই আগুনের লেলিহান শিখা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে পুরোপুরি ভেঙে দেবে।

​পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, "এ পরিস্থিতিতে সরকারকে সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাশকতায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

​সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা বা নাশকতার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং জনগণের জানমাল ও সরকারি- বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।