ঈদে নারায়ণগঞ্জ হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবার
নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগে মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৭ জুন) জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার এ তথ্য জানান।
ঈদ উপলক্ষে জেলাজুড়ে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ খাবার দেওয়া হয় চিকিৎসাধীন রোগীদের। বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে সেমাই ও পাউরুটি, দুপুরে পোলাও, রোস্ট, আপেল ও মিষ্টি, রাতে পোলাও-মুরগির মাংস।
জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আমাদের জেলাজুড়ে সব সরকারি হাসপাতালে ঈদ উপলক্ষে রোগীরা বিশেষ খাবার পাচ্ছেন। ঈদকে ঘিরে আমাদের চিকিৎসাসেবা সার্বক্ষণিক সচল থাকবে। হাসপাতালগুলোতে জরুরি বিভাগ চালু থাকার পাশাপাশি চিকিৎসকরাও রোস্টারিং করে দায়িত্ব পালন করবেন।
খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আমরা রোগীদের বিশেষ খাবার দিয়েছি। আমাদের জরুরি বিভাগ চালু থাকার পাশাপাশি চিকিৎসকরাও দায়িত্ব পালন করবেন।