কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা মহিলার যাবজ্জীবন
A Rohingya woman is jailed
কক্সবাজারে ৩০ হাজার পিচ (৯০ লক্ষ টাকা মূল্যের) ইয়াবা টেবলেট পাচারের মামলায় এক মহিলা রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার ২৪ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী এ রায় প্রদান করেন। দৈনিক স্বদেশ প্রতিদিনকে একই আদালতের বেঞ্চ সহকারী মফিজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেন।
দন্ডিত আসামী হচ্ছে উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক জি-২৬ এর মৃত কবির আহমদ ও মৃত কুলসুমা খাতুনের কন্যা রোহিঙ্গা মরিজান (২৪)। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী মরিজান আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম এবং আসামী পক্ষে অ্যাডভোকেট জমির উদ্দিন মামলা পরিচালনা করেন।