সড়ক দূর্ঘটনায় এমপি কামারুল আহত

road accident
অনলাইন ডেস্ক: ২৫ জুন ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক: ২৫ জুন ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ন
সড়ক দূর্ঘটনায় এমপি কামারুল আহত
কামারুল আরেফিন

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

পরে আহত অবস্থায় কামারুল আরেফিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডান হাতের কনুইতে তিনটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও সিটিস্ক্যান এবং হাত-পায়ের এক্স-রেও করানো হয়েছে।

আহত সংসদ সদস্য কামারুল আরেফিনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সোমবার রাতে বাসায় ফেরার জন্য সংসদ ভবনের বকুলতলা গেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন কামারুল আরেফিন। সঙ্গে ছিলেন পিএ মামুনও। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা কামারুল আরেফিনকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তার হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সংসদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান, হাত পায়ের এক্স-রে করানো হয়। এছাড়া ডান হাতের কনুইতে তিনটি সেলাই দেওয়া হয়েছে। সিটিস্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।