এইচএসসি পরীক্ষার হলে ভুল প্রশ্ন॥ তারপর ...

Wrong question in HSC exam hall. Then...
অনলাইন ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষার হলে ভুল প্রশ্ন॥ তারপর ...
বিজয় স্মরণী কলেজ -- ফাইল ছবি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বিজয় সরণি কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় ঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। তিনি বলেন, পরীক্ষার্থীদের ভুলবশত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়া হয়। পরে পরীক্ষকেরা প্রশ্ন তুলে নেন। আবার জেলা প্রশাসনের ট্রেজারি থেকে প্রথম পত্রের প্রশ্ন এনে পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষা শুরু হয় দুপুর ১২টার দিকে। মূলত জেলা প্রশাসন ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হয়েছে। ২৫ মিনিট এ পরীক্ষা চলে। তারপর সৃজনশীল প্রশ্ন বিলি করা হয়। এ এম এম মুজিবুর রহমান জানান, পরীক্ষার প্রশ্ন জমা থাকে জেলা প্রশাসনের ট্রেজারি শাখায়। সেখানে পরীক্ষার তিন দিন আগে পরীক্ষা অনুযায়ী কোড মিলিয়ে প্রশ্ন ঠিক করে রাখা হয়। পরে পরীক্ষার শুরু আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঠিক প্রশ্নটি নিয়ে যান। ফলে প্রশ্ন রাখা অথবা নেওয়ার সময় ভুল হতে পারে।


তদন্ত কমিটি গঠন, প্রশ্ন বাতিল


সূচি অনুযায়ী, আগামী রোববার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ওই পরীক্ষার প্রশ্ন আগাম বিলি করায়, তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, তাঁদের হাতে বিকল্প প্রশ্ন প্রস্তুত আছে। সেটি দিয়েই পরীক্ষা হবে।

এদিকে ভুল প্রশ্ন দেওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মো. সাদি উর রহমান বলেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। বাকিটা তদন্তের পর জানা যাবে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তাঁরা।

একই ঘটনায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিবিএন/এসডি-১১