কক্সবাজারে মামুন হত্যার পরিকল্পনাকারি শাহেদ গ্রেফতার
কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়নের খাদেমেরপাড়ায় রেললাইনের পাশে পড়ে থাকা আব্দুল্লাহ-আল-মামুনের ক্লুলেস হত্যার মূল পরিকল্পনাকারি মোঃ শাহেদ হোসেন র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, বিগত ৭ জুলাই রবিবার সকাল ১০টার দিকে রশিদ নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাদেমের পাড়া গ্রামের রেললাইনের পূর্বপার্শ্বে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পাওয়া যায়। উক্ত মৃত্যুর ঘটনা উৎঘাটন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
র্যাব-১৫ এর আভিযানিক দল ছায়া তদন্তের শুরুতে জানতে পারে, মৃত অজ্ঞাতনামা ব্যক্তি আব্দুল্লাহ-আল-মামুন (৩০), পিতা-মৃত মোঃ নবী হোসেন, ঘাটপাড়া খরুলিয়া, ঝিলংজা, কক্সবাজার।
মৃত আব্দুল্লাহ-আল-মামুন সম্পর্কে ছায়া তদন্তকালে জানা যায়, তিনি একজন ইলেক্ট্রনিক ব্যবসায়ী। লিংক রোড বাজারে যৌথভাবে ভিশন ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রয়ের একটি শো-রুম রয়েছে। উক্ত শো-রুমে মৃত আব্দুল্লাহ-আল-মামুন তার বন্ধু মোঃ শাহেদ হোসেন এবং মোঃ শাহেদ হোসেনের ভগ্নিপতি জসিম উদ্দিন এর শেয়ারের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে আসছে। উক্ত ব্যবসায়ের সত্যতা যাচাই এর লক্ষে মৃত আব্দুল্লাহ-আল-মামুন এর ব্যবসায়ী অংশীদারীদের অবস্থান নির্ণয়কালে মোঃ শাহেদ হোসেনকে র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার লিংক রোড বাজার এলাকা থেকে গতকাল বিকেলে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামি মোঃ শাহেদ হোসেন (৩০), পিতা-মোঃ মতিউর রহমান, সিকদার পাড়া, ঈদগাঁও, বর্তমানে ঝাউতলা, গাড়ির মাঠ, কক্সবাজার সদর।