কক্সবাজারে দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

4 people sentenced to death in two murder cases
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ জুলাই ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ জুলাই ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন
কক্সবাজারে দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
....সংগৃহীত ছবি

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ তিন দশকের বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন : কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ, মহেশখালী উপজেলার মাতারবাড়ি আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শওকত বেলাল।

তিনি জানান, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামুর রশিদ নগরের বটতলী বাজারে আটোরিকশা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে ছুরিকাঘাত করে হত্যা করেন শেরে ফরহাদ।

দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত শেরে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শওকত বেলাল আরও জানান, একই আদালতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি বিরোধের জেরে ১৯৯৪ সালের ৪ মার্চ গুলিতে খুন হন রব্বত আলী। এ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে শওকত বেলাল জানান, যথাযথ সাক্ষী উপস্থাপন ও প্রমাণ সাপেক্ষে আদালত যে রায় দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।

তবে রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী নাছির উদ্দিন আহমদ। ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দেন।