রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে এক হাজার বসতঘর

Rohingya camp on fire
অনলাইন ডেস্ক ০৬ জানুয়ারি ২০২৪ ১০:১২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৬ জানুয়ারি ২০২৪ ১০:১২ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে এক হাজার বসতঘর

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় প্রায় এক হাজার বসতঘর পুড়ে গেছে। তবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন বলেন, শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। পরে অন্য রোহিঙ্গা ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৪টার দিকে।

তিনি আরও বলেন, আগুনে অন্তত এক হাজার বসতঘর পুড়ে গেছে। প্রাণহানি এড়াতে ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের অন্যান্য ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গেল বছরের ৩১ ডিসেম্বর একইভাবে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরও অন্তত অর্ধশতাধিক ঘর।

এর আগে ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।

এ ছাড়া ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।