সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

Demonstration of Sanatan religious people
অনলাইন ডেস্ক ১০ আগস্ট ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১০ আগস্ট ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন
সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
ঢাকার শাহবাগ অবরোধ করে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ ।
  • আলাদা মন্ত্রণালয়সহ চার দফা দাবি বাস্তবায়নের তাগিদ

সংখ্যালঘুদের নিরাপত্তা ও চার দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এসময় সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সংসদে ১০ শতাংশ সংসদী আসন বরাদ্দের দাবি জানান বিক্ষোভকারীরা। 

বিক্ষোভ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, শুধু দেশের বর্তমান পরিস্থিতিই নয় যেকোনো অস্থিতিশীল সময়েই প্রথম হামলাটা আসে সংখ্যালঘুদের উপর। সারাদেশের বিভিন্ন এলাকায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন সনাতন ধর্মাবলম্বীরা। পুড়িয়ে দেয়া হয় তাদের সহায়-সম্পত্তি। এরকম আর চলতে পারে না। দেশ যখন নতুন উন্মাদনায় যাত্রা শুরু করেছে তখন সনাতন ধর্মাবলম্বীসহ অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্দোলনে আসা সংঘ বাংলাদেশের সভাপতি শান্তি রঞ্জন ম-ল বলেন, যেকোনো সরকারের পতন হওক বা অন্য কোনো সংকট হওক হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে সবার আগে। বর্তমান এই সংকটেও আমরা দেখছি বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। নিরাপত্তার জন্য অনেকেই স্বপরিবারে প্রতিবেশি দেশ ভারতে যাওয়ার জন্য বর্ডারে গিয়ে বসে আছে। আমাদের বাড়ি-ঘরে হামলা করা হচ্ছে। মন্দিরে হামলা করা হচ্ছে। আমাদের দেখার কেউ নেই। আজ থেকে আমরা মন্দির পাহারা চাই না। যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না। আমরা আমাদের নিরাপত্তা চাই।

বিক্ষোভ সমাবেশে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পূজা রানী সাহা বলেন,  ঢাকায় বসে কেউ কল্পনাও করতে পারবে না আমাদের এলাকায় হিন্দুদের উপর কি পরিমাণ নির্যাতন চালানো হচ্ছে। আমরা এ দেশের নাগরিক। কিন্তু দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতিতেই আমাদের উপর হামলা চালানো হয়। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আজকে পরিবারের সবাইকে নিয়ে বিক্ষোভ সমাবেশে এসেছি। 


একই রকম ক্ষোভ প্রকাশ করে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ঝুমা রানী বলেন, আমরা শিক্ষার্থীরাই নতুন দেশের যাত্রার অগ্রপথিক ছিলাম। কিন্তু আমার পরিবারও আজ নিরাপদ নয়। আমার এলাকার অনেকের বাড়িতেই হামলা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। নতুন সরকার যেহেতু নতুন দেশ গড়তে যাচ্ছে তাই আমাদের দাবি থাকবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার। সংখ্যালঘু নির্যাতন বন্ধে তাদের সুরক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি। 

সমাবেশে বক্তারা আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়া-মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না। তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এর আগের দিন শুক্রবার একই রকমভাবে বিক্ষোভ চলাকালে একপাশে ‘মনের দেয়াল’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জনসাধারণ ‘সাদা কাগজে’ লিখে তাদের বক্তব্য পেশ করেন। মনের দেয়ালের কাগজে ‘ধর্ম শিক্ষার প্রয়োজন নাই, মানবতার শিক্ষায় শিক্ষিত হই’, ‘দেশ তখনই স্বাধীন হবে, যখন জাতি সুশিক্ষায় শিক্ষিত হবে’, ‘আমরা এখন কু-শিক্ষায় শিক্ষিত’, ‘রাষ্ট্র আমার নিরাপত্তা দেবে, আমার মন্দির রক্ষা করবে, আমার মা কাঁদবে না’, ‘এই কী স্বাধীনতা?’, ‘হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক, এই স্বাধীনতা আমরা চাই না’ ইত্যাদি বক্তব্য লিখতে দেখা যায়। 

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। সেখানে বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ সনাতনীদের বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সনাতনীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ ছিল। যান চলাচল বন্ধ থাকায় জনসাধারণের  ভোগান্তিতে পড়েন। এ সময় অনেকেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে চলতে দেখা যায়। তবে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করেছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।

 ঢাকা কলেজের শিক্ষার্থী রহমান ফজলু এই বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ছাত্র আন্দোলনের শুরুটাই আমরা করেছিলাম সব মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু এ কয়দিন দেশজুড়ে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সবার অধিকার নিশ্চিতের লক্ষ্যেই ছিলো আমাদের আন্দোলন।