ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা

Dengue Awareness Workshop
নিজস্ব প্রতিবেদক ১২ আগস্ট ২০২৪ ০৯:০৯ পূর্বাহ্ন স্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক ১২ আগস্ট ২০২৪ ০৯:০৯ পূর্বাহ্ন
ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা
ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা

‘ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে বাবুডাইং আলোর পাঠশালায়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীরা সকলে মিলে বিদ্যালয়ের আঙ্গিণাসহ চারপাশের পরিবেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।

বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ কর্মশালার সূচনা করা হয়। এরপর একটি শ্রেণি কার্যক্রম শেষে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ের মিলনায়তনে গিয়ে কর্মশালায় মিলিত হয়। এসময় ডেঙ্গু জ্বর কী, কোন মশা থেকে এ রোগ ছড়ায়, ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, উপসর্গ, প্রতিকার, করণীয়, প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক মো: আলী উজ্জামান নূর। উন্মুক্ত পর্বে প্রশ্ন করে শিক্ষার্থী সংগীতা টুডু, ইসরাত খাতুন, সীমা খাতুন, সবুজ মুরমু, অজিত হাঁসদা, মোসলেমা খাতুন, মরিয়ম খাতুন, মাসুমা খাতুন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক লুইশ মুর্মু, সাঈদ মাহমুদ, বিমল হাঁসদাক, উম্মে কুলসুম।

এসময় বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। এ বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৭৬৭ জন। শুধুমাত্র আগস্টের গত ১১ দিনেই মারা গেছেন ৮ জন। ভর্তি হয়েছে এক হাজার ৪৪৭ জন। এটি একটি গুরুতর সমস্যা। যদি পরিবারের কোন সদস্যের মাঝে উল্লেখিত উপসর্গগুলো দেখা দেয় তবে দেরী না করে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। নিয়মনীতি মেনে চলতে হবে। সকলকে মশার প্রজননক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে। ঘুমানোর সময় মশারী টানিয়ে ঘুমাতে হবে। সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বিদ্যালয়ের প্রাঙ্গণ, চারপাশ ও আশেপাশের ঝোঁপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে লেগে পড়ে। এ পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ বাড়িতেও সকলে করবে বলে অঙ্গীকার করে।