কক্সবাজার পেতা সওদাগর পাড়ায় চলাচলের রাস্তা দখলে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Press conference of victim's family
কক্সবাজার জেলা প্রতিনিধি : ১২ আগস্ট ২০২৪ ০২:৫৫ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি : ১২ আগস্ট ২০২৪ ০২:৫৫ অপরাহ্ন
কক্সবাজার পেতা সওদাগর পাড়ায় চলাচলের রাস্তা দখলে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন ভুক্তভোগী লিয়াকত আলী চৌধুরী ভুট্টো --- প্রতিনিধি

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার পেতা সওদাগর পাড়ায় চলাচলের পথ দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে একটি পরিবার দীর্ঘদিন ধরে সীমাহীন দূর্ভোগে পড়েছে। 

১২ আগস্ট ২০২৪ বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিয়াকত আলী চৌধুরী ভুট্টো লিখিত বক্তব্যে জানিয়েছেন, বিগত ২০১৯ সালে পৌরসভার ৬নং ওয়ার্ডের পেতা সওদাগর পাড়ার শফিউল আলম দানুর ব্যক্তি মালিকানাধীন ৩ গন্ডা ৬ শতক জমি স্ত্রী নাজমা চৌধুরীর নামে খরিদ করেন তিনি। যার বি.এস খতিয়ান ৭১৩, দাগ নং-৭১৬৪। ক্রয় করা জমিতে বাউন্ডারি ওয়াল দিয়ে একটি টিনসেট ঘর করেন তিনি৷ ওই জমির যাতায়াতের রাস্তা কক্সবাজার পৌরসভা ১৪/১৫ অর্থ বছরে নির্মাণ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। যার বিজ্ঞপ্তি নং-৪, প্যাকেজ নং-২০।

দু:খজনক বিগত সরকার দলীয় একজন সাংসদের লোক পরিচয়ে পার্শ্ববর্তী ভূমিদস্যু জাহেদুল আলম গং রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন দাবি করে নিজেদের আয়ত্বে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। প্রাশ্ববর্তী জেলা জজ আদালতের জারিকারক জাহেদের নেতৃত্বে ভূমিদস্যুরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিগত ২০২০ সালের ৬ রমজান রাতে জাহেদুল আলম, সোহেল রানা রিজভী, কামাল পাশা, তোফায়েলুর রহমান, ওসমান সরওয়ার রাসেল, জামাল উদ্দিন ও সাদেকুর রহমান সহ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী লিয়াকত আলী এবং তার ভাতিজা হেলাল উদ্দিনের উপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায়।

পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় লিয়াকতের স্ত্রী নাজমা বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন। একই সাথে এডিএম আদালতে চলাচলের রাস্তা ফিরে পেতে মামলা করেন। মামলা নং-১৩৪২/২০২০। মামলা ও পৌরসভার তদন্ত প্রতিবেদন বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ৬ অক্টোবর ২০২১ ২য় পক্ষকে সর্বসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়ার জন্য নির্দেশ দেন। একই সাথে সদর মডেল থানার অফিসার ইনচার্জকে চলাচলের রাস্তা ফিরিয়ে দিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আদালত। আদালতের নির্দেশে চলাচলের রাস্তাটি উন্মুক্ত করতে গেলে জাহেদ গং হামলা করে বসে। পূনরায় চলাচলের রাস্তা অবরুদ্ধ করে দেওয়াল নির্মাণ করে।

এরপর ভূমিদস্যু জাহেদ গং এর বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা করলে ৩১ মার্চ ২০২২ উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে চলাচলের রাস্তা ফিরিয়ে দিবে বলে কথা দেন। এর ৩ বছরেও সর্বসাধারণের চলাচলের রাস্তাটি ফিরিয়ে না দেওয়ায় লিয়াকত আবারো চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলা আদালতে বিচারাধীন রয়েছে৷ অভিযোগ করা হয় কথা দিয়েও কথা রাখছেন না জাহেদ গং আদালত অবমাননা করছেন। আদালতের জারিকারক হিসেবে প্রতিনিয়ত আদালতের বিভিন্ন কার্যক্রমে হস্তক্ষেপ এবং প্রতারণা করে আসছে। তাঁর নাকি হাত অনেক লম্বা। নিরীহ মানুষের জমি দখলে ব্যর্থ হলে মিথ্যা মামলা দায়ের করে সে। চাকরির প্রভাব খাটিয়ে রাস্তা ফিরিয়ে দিচ্ছে না। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিয়াকত বলেন, দীর্ঘ ২৯ বছর সুনামের সাথে পৌরসভায় কর্মরত আছি। কোন ধরণের অনিয়ম-অপরাধে নেই। এইসব ভুমিদস্যুদের কারণে তার জীবন আজ বিপন্ন। নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। চলাচলের রাস্তা ফিরে পেতে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান ও পুলিশ প্রধানের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।