যে কারণে আরাফাতকে খুঁজছেন হিরো আলম
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন ক্ষুব্ধ হিরো আলম। প্রার্থী হওয়ায় সে সময় তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরাফাত।
সেদিন তার ওপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন হিরো আলম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম। সেই বিচার আমি আজও পাইনি। এখন আমি আরাফাতকে খুঁজছি, তাকে পেলে ধরে মামলা করবো। সে আমার জেতা আসন ছিনতাই করেছে।
হিরো আলম বলেন, আমি সব সময় জনগণের পাশে আছি, থাকবো। জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, আমি করবো। নির্বাচনে অংশগ্রহণ করেছি বলে আমাকে অনেকবার মার খেতে হয়েছে। অনেকবার অসম্মানিত হতে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে অকারণে ধরে নিয়ে গেছে। বারবার বিচার চেয়েছি, কিন্তু বিচার পাইনি। আশা করছি, এখন সব বিচার হবে। স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো।