আইইবি কেন্দ্রীয় কাউন্সিলে রুয়েট উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালক নির্বাচিত
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গত ১২ নভেম্বর দেশজুড়ে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশের মোট ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ দুইজন রুয়েট শিক্ষকের নির্বাচিত হওয়ার তথ্য প্রকাশ করা হয়। জানা যায় কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে রাজশাহী কেন্দ্র থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নির্বাচিত হন। অন্য দুই প্রার্থীদের মধ্যে ছিলেন এ্যাব সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আকতার হোসেন এবং জামায়াত সমর্থিত ওয়ান আইইবি প্যানেলের সদস্যরা।
স্থানীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮ এবং ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৯৪ জন ভোটার।
এছাড়াও আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে রুয়েটের আরও তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা হলেন: পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও তড়িৎকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।
নির্বাচনে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ রুয়েটের নির্বাচিত শিক্ষকরা বিএনপির নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ২০২৪-২০২৬ মেয়াদে আইইবির রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। প্রকৌশলী অধিকার আন্দোলনের (ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট বা ইআরএম) সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণ ও প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় পরিচালিত এ আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আইইবি নির্বাচন কমিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ছিলেন ৩৪ হাজার ১৩১ জন। কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র জমা পড়ে। আইইবির নিবন্ধিত ফেলো ও সদস্যরা এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিটভিত্তিক ব্যালট পদ্ধতি ব্যবহার করা হয়। পাশাপাশি বিদেশে অবস্থানরত বা দূরবর্তী এলাকার যোগ্য সদস্যদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
একই দিনে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, সাতটি প্রকৌশল বিভাগ, উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এবং স্থানীয় কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হয়।
আইইবির সদর দপ্তর সহ দেশের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর, আশুগঞ্জ, ঘোড়াশাল ও রাঙ্গাদিয়া। এছাড়াও সাভার, টাঙ্গাইল, কুষ্টিয়া, নোয়াখালী, চাঁদপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় উপকেন্দ্র রয়েছে। ঢাকায় ভোটগ্রহণের জন্য ৬০০টির বেশি পোলিং বুথ স্থাপন করা হয়েছিল। নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বর ২০২৬ এর মধ্যে সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।