মেট্রোরেলের ২০ হাজার টিকিট ভারত থেকে প্রিন্ট হয়ে আসবে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের একক যাত্রার টিকিট সংকট দূর করতে চার লাখ নতুন টিকিট কেনার কাজ করছে।জাপান, থাইল্যান্ড ও ভারত যৌথভাবে এসব টিকিট সরবরাহ করে থাকলেও মূলত এসব টিকিটের মূল জোগানদাতা জাপান। তবে কার্ডগুলো প্রিন্ট হয়ে আসে ভারত থেকে। ডিসেম্বরের শেষের দিকে ২০ হাজার টিকিট ভারত থেকে প্রিন্ট হয়ে আসবে। বাকি টিকিটগুলো আসবে ধাপে ধাপে।
বুধবার ঢাকা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ ডিসেম্বর ২০ হাজার টিকিটের একটি চালান ভারত থেকে রওনা হবে। এগুলো পৌঁছাবে মাসের শেষ দিকে। কার্ডগুলো ট্রেনে আসছে। এজন্য কিছুটা সময় লাগছে। আশা করছি ডিসেম্বরের শেষ সপ্তাহে সেগুলো আমরা হাতে পাব। পর্যায়ক্রমে আমাদের হাতে সবগুলো কার্ড পৌঁছাবে।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কার্ডের ডিজাইন নিয়েও একটা আলোচনা ছিল। নতুন ডিজাইনের কার্ড থাকছে না। আগের ডিজাইনেই মেট্রো কার্ড হচ্ছে, কালারটার শুধু বদলাচ্ছে। আর একক যাত্রার কার্ডের রং লাল করে দিচ্ছি যেন সহজে আইডেন্টিফাই করা যায়।