সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল নয় সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।সাংবাদিকদের প্রেস এ্যাক্রেডিটেশন কার্ড বাতিল না স্থগিত- এমন এক দ্বিধা তৈরী হওয়ায় বিষয়টি স্পষ্টিকরণের ব্যাখ্যায় এমনটা জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান জানান, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেনি। শুধুমাত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু বা বাতিল করার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ তথ্য অধিদপ্তরের এখতিয়ার বলেও জানান তিনি।
ফয়সাল হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকায় সাময়িকভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার স্থগিত রাখা হয়েছে। এ সিদ্ধান্ত অস্থায়ী। শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে সচিবালয়ে বেসরকারি ব্যক্তিদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ কার্ড বাতিল করা হয়। পাশাপাশি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ স্থগিত করা হয়।