​গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Highway blockade in protest of layoffs
অনলাইন ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
​গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
.....সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর একটি পোশাক তৈরি কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীসহ বিভিন্ন পরিবহনের চালকরা। 

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর বাসন সড়ক এলাকায় হামীম গ্রুপের দ্যাটস ইট নামে একটি কারখানা ৭২ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ছাঁটাইকৃত শ্রমিকসহ অন্য শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা বাসন সড়কের কলম্বিয়া গার্মেন্টেসর সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। 

শ্রমিকরা জানান, কিছুদিন আগে কারখানার এক স্টাফের সঙ্গে কিছু শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ প্রায় ৭২জন শ্রমিক ছাঁটাইয়ের তালিকা কারখানার গেটে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এটা কেন করলো তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই চলবে না। 

এদিকে, মহানগরীর বাসন থানাধীন অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা ফ্যাক্টরি খোলার দাবি ও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এবিষয়ে কথা বলার জন্য হামীম গ্রুপের দ্যাটস ইট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প-পুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানের ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওই ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।