জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

Climate conference is not debt
রাজশাহী প্রতিনিধি:- ১৫ নভেম্বর ২০২৬ ০৫:১২ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ১৫ নভেম্বর ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিরা।

 তারা বলেন, উন্নত দেশগুলোকে বহুবর্ষী ও অনুদানভিত্তিক নতুন জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিতে হবে এবং স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন তহবিল পুরোপুরি অনুদান হিসেবে নিশ্চিত করতে হবে। জলবায়ু অর্থায়নের নামে কোনো ধরনের ঋণের ফাঁদ মেনে নেওয়া হবে না।

রোববার (১৫ নভেম্বর) ​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাই বটতলা গ্রামে আয়োজিত এক আদিবাসী কিষানি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

‘আইল থেকে আন্তালিয়া,ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে ৩০টি নাগরিক সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য দেন আদিবাসী নারী নেত্রী কস্তান্তিনা হাঁসদা, সাবিত্রী হেমব্রম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন’-এর পরিচালক রাশেদ রিপন এবং সমাজসেবী পঙ্কজ কর্মকার।

​সমাবেশে বক্তারা বলেন, কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতি কৃষকদের জন্য চরম হতাশাজনক। আন্তর্জাতিক জলবায়ু বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ‘কার্বন ব্রিফ’-এর তথ্য উদ্ধৃত করে তারা জানান, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার থেকে কমে ১ হাজার ১৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় ৭১ শতাংশ কম। এমনকি অভিযোজন তহবিল তিন গুণ করার প্রস্তাবটি সম্মেলনের আলোচ্যসূচিতেই ওঠেনি। গত ৯ নভেম্বর সম্মেলনের ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবসেও খাদ্য ও কৃষি খাতের জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা অর্থায়নের ঘোষণা আসেনি।

​আয়োজকেরা আরও জানান, বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ১ দশমিক ৭ শতাংশ উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়। চলমান সম্মেলনে বাংলাদেশের জন্য ৩ কোটি ডলার অনুদানের ঘোষণা এসেছে। ঋণ না হওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানালেও বক্তারা উল্লেখ করেন, এই অর্থ দেশের বার্ষিক জলবায়ুজনিত ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) মাত্র ০ দশমিক ২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের কৃষকেরা জলবায়ু সংকট তৈরি করেননি, অথচ এর সবচেয়ে ভয়াবহ ভুক্তভোগী তারাই।’

​সমাবেশ থেকে কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

​খাদ্য ও কৃষির স্থায়ী কর্মসূচি:- অন্তত পাঁচ বছরের সুনির্দিষ্ট অর্থায়নসহ স্থায়ী কর্মসূচি গ্রহণ করতে হবে, যেখানে কৃষক ও জেলে সংগঠনের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব থাকবে।

​নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতায়ন:- ‘৩৫ বাই ৩৫’ বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রাকে অন্তত ৭৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যের সঙ্গে সমন্বয় করতে হবে।

​অধিকারভিত্তিক ন্যায্য রূপান্তর:-প্রান্তিক কৃষক, নারী কৃষক, বর্গাচাষি, কৃষিশ্রমিক, জেলে ও আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

​ক্ষতিপূরণ তহবিলের দ্রুত ছাড়:-জলবায়ু ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দ্রুত তহবিলে জমা দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের কাছে সরাসরি সহায়তা পৌঁছাতে হবে।

​ঋণ বাতিল ও কৃষিপ্রতিবেশ সুরক্ষা:-জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া অন্যায্য বিদেশি ঋণ বাতিল করতে হবে এবং কার্বন বাজারের পরিবর্তে ‘কৃষিপ্রতিবেশ’ (অ্যাগ্রোইকোলজি)-কে প্রকৃত জলবায়ু সমাধান হিসেবে স্বীকৃতি দিতে হবে।

​বাংলাদেশ সরকারের প্রতি প্রস্তাব:-

সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতিও বেশ কিছু প্রস্তাব রাখা হয়। এর মধ্যে রয়েছে—সম্মেলনের বাকি দিনগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন ও কৃষি কর্মসূচি নিশ্চিত করতে জোরালো কূটনৈতিক ভূমিকা রাখা, ঘোষিত ৩ কোটি ডলার অনুদানের প্রকল্প এলাকা ও উপকারভোগীদের তথ্য জনসমক্ষে প্রকাশ করা, গ্যাস বরাদ্দে সার উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং কৃষক কার্ড, শস্যবিমা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও জেলেদের অন্তর্ভুক্ত করা।

​উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের ৩০টি নাগরিক সংগঠন ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্যনিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’—এই স্লোগানকে সামনে রেখে যৌথভাবে এই প্রচারাভিযান পরিচালনা করছে।