রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক নৃ-গোষ্ঠী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
রাজশাহীর গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে তিন দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক নৃ-গোষ্ঠী মেলা, সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) গোদাগাড়ী উপজেলার কদমা হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে প্রায় ৭০টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে তুলে ধরা হয় নিজস্ব ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, গান, নৃত্য ও জীবনযাত্রার বৈচিত্র্য। তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক দল অংশ নেয়। পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসে প্রায় ৪৫টি প্রদর্শনী স্টল। এসব স্টলে প্রত্যেক জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয় ঐতিহ্যবাহী কৃষি ও শিকারের সরঞ্জাম, পোশাক, অলংকার, গৃহস্থালি সামগ্রী, খাবারসহ নানা ধরনের ব্যবহার্য ও ঐতিহ্যবাহী উপকরণ। এসব প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএজিআর-এর পরিচালক স্টেফান সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী মুর্মু, সিসিবিভিওর ভাইস প্রেসিডেন্ট আরিফা বেগম এবং সংস্থাটির সহ-সম্পাদক তাহেরা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম (কনক) ও অধ্যাপক সুম্মিতা চক্রবর্তী, সিসিবিভিওর দুইজন প্রতিনিধি, স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ।
মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, গান ও নৃত্যের পাশাপাশি শিক্ষার্থীদের কবিতা, রচনা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানো এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে, সিসিবিভিওর বাস্তবায়নে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।