নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

100 electric buses coming for women
অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা
--সংগৃহীত ছবি

নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। এসব বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এরপর অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।

প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।

বিআরটিসির চেয়ারম্যান জানান, নারী যাত্রীদের সঙ্গে প্রায়ই স্বামী, ভাই কিংবা সন্তান থাকেন। কিন্তু বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় তাদের পুরুষ স্বজনেরা যাতায়াতের সুযোগ পাচ্ছেন না। এতে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে।

এ সমস্যা সমাধানে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।

পাশাপাশি নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে।

এর মাধ্যমে নারীদের গণপরিবহন ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।