পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। উইকেটে তখন শেষ উইকেট জুটি। এমন সমীকরণে দুই দলেরই যেমন ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল, তেমনি আবার টাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তবে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন মুহিত উলভা। এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।
পাকিস্তানের ৩৩৭ রানের জবাবে শুরুটা ভালোই করে ভারত। অধিনায়ক লক্ষ্ম রাইচান্দানি করেন ৮০ রান, ওপেনার আরিয়াবীর শেবাগের ব্যাট থেকে আসে ৫৮ রান। তবে মাঝের সারির ব্যাটসম্যানরা দ্রুত ফিরলে চাপে পড়ে ভারত। অরজুন রাজপুত ১৬, ভিকে ভিনিত ২৪ ও আনভয় দ্রাবিড় ১৯ রান করে আউট হন।
একপর্যায়ে ভারতের জয়ের আশা প্রায় শেষ মনে হচ্ছিল। তবে মোহিত উলভা ও মানাল চৌহানের লড়াকু ব্যাটিং ম্যাচে ফেরায় দলকে। মানাল ৪৭ রান করে আউট হলেও মোহিত ভারতের জয়ের পথ তৈরি করেন। তিনি ২৬ বলে অপরাজিত ৪৯ রান করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান তোলে পাকিস্তান। দুর্দান্ত সেঞ্চুরি করেন উসমান খান। ১১১ বলে ১০৭ রান করেন তিনি। তিনে নেমে আবদুল কাদির খেলেন ৫৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৬০ রান। ভারতের হয়ে ৬৮ রানে ৪ উইকেট নেন কাব্য প্যাটেল, চিগুরুপতি ভেঙ্কাটা পান ৩ উইকেট।